শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

সিলেট টেস্টে টিম বাংলাদেশের একাদশে দুই পরিবর্তনের হাওয়া

ডেস্ক / ৪৮ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৬ মে, ২০২৬
সিলেট টেস্টে টিম বাংলাদেশের একাদশে দুই পরিবর্তনের হাওয়া

ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের দাপুটে জয়ের পর সাধারণত ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার কথা নয়। তবে চোট এবং খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সিলেটে আগামীকাল ১৬ মে থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

প্রথম টেস্টে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ওপেনার সাদমান ইসলাম। তাঁর অনুপস্থিতিতে দলে একটি পরিবর্তন এখন অনিবার্য। প্রধান নির্বাচক হাবিবুল বাশার এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের দেওয়া আভাস অনুযায়ী, সাদমানের জায়গায় লাল বলের ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে তরুণ বাঁহাতি ব্যাটার তানজিদ হাসান তামিমের।

এদিকে আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের হাতের আঙুলে ব্যান্ডেজ থাকলেও ভেতরের খবর হলো, চোট কাটিয়ে তিনি খেলবেন। ফলে সিলেট টেস্টে জয়ের সঙ্গে ওপেনিং জুটিতে তামিমকেই দেখা যাওয়ার সম্ভাবনা শতভাগ।

ওপেনিংয়ের পাশাপাশি পরিবর্তন আসতে পারে পেস বিভাগেও। ঢাকা টেস্টে বাকি বোলাররা দারুণ সফল হলেও গতি তারকা ইবাদত হোসেন ছিলেন একদমই ম্লান। দুই ইনিংস মিলিয়ে ১৪ ওভার বল করে কোনো উইকেট পাননি তিনি, ব্যাট হাতেও করেছেন শূন্য। তাই সিলেটের কন্ডিশন এবং সুইংয়ের কথা মাথায় রেখে ইবাদতের বদলে একাদশে ফিরতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাঁর সঙ্গে পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ ও প্রথম টেস্টের নায়ক নাহিদ রানা।

সিলেট টেস্টে মূল ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আগামী পাঁচ দিনই সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে আবহাওয়াবিদদের একাংশের মতে প্রথম দুই দিন পর ভারী বর্ষণের সম্ভাবনা কমে আসবে।

বৃষ্টির এই আবহাওয়ার মাঝেই অপরিবর্তিত থাকছে দলের চেনা মিডল অর্ডার। মুমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখছে দল। স্পিন বিভাগে তাইজুল ইসলাম থাকছেন যথারীতি।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।


এই বিভাগের আরো খবর