সিলেটের জকিগঞ্জে ১৯ বিজিবি ও র্যাব-৯ এর যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরী ইউনিয়নের সোনাসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।রোববার দুপুরে ১৯ বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এসময় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিয়াবাইল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনাসার ব্রিকস ফিল্ডে র্যাব-৯ এর সহযোগিতায় যৌথ তল্লাশি অভিযান চালানো হয়।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর এবং ১১টি বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে কোনো আসামি ঘটনাস্থলে পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব বিস্ফোরক ও অস্ত্র চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল।
১৯ বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক রাখা হয়েছিলো। এসব বিস্ফোরক দিয়ে বড় ধরনের বোমা বা প্রাননানশক ডিভাইস তৈরিতে ব্যবাহারের উদ্দেশ্যে এগুলো পাচার করে আনা হয়েছিলো।
জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানায় বিজিবি।
এছাড়া, সীমান্তে পুশইন ও চোরাচালান বন্ধে বাড়তি নজরদারির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে, জানান বিজিবির কর্মকর্তারা।