রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেস্ক / ৩০ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৪ জুলাই, ২০২৬
জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই বিপ্লব নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

এর আগে শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করা হয়, যা পরবর্তীতে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।

অভিযোগপত্রে সংগঠনটির তিন পদধারী ব্যক্তি স্বাক্ষর করেছেন। তারা হলেন— রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

ওসি বলেন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি হয়েছে। অভিযোগ যেহেতু সাইবার সংক্রান্ত সেজন্য তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইবার ইউনিট বরাবর অভিযোগের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে। তারা তদন্ত করবে।

জানা গেছে, গত শুক্রবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা থানায় যান এবং তারা শাওন ও মাহির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

তারা সেই অভিযোগে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্য ও পোস্টের বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন। পুলিশ সেটি গ্রহণ করেছে। এখন সাইবার বিভাগ তদন্ত করবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে গ্রেপ্তার হতে পারেন শাওনসহ অভিযুক্ত তিন নারী।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শাহবাগ থানায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে শুনেছি। অভিযোগটি সাইবার অপরাধ সম্পর্কিত। কিন্তু এখনো এসংক্রান্ত কোনো নথি আমাদের কাছে আসেনি। নথি আসলে আমলে নিয়ে আমরা তদন্ত করবো এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, শান্তা ফারজানা নামে একজন ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ/আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম তার ফেসবুক লিংকে প্রকাশ করেছেন।

মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।

মাহিয়া মাহী তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিংকে এমন বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয় করার সঙ্গে তুলনা করেছেন।

উপরোক্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর