ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টিতেও জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ। বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে সফরকারীরা পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে।বুধবার (১৫ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। জবাবে ১৯ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ হওয়ার পর ১৫ বলে ১২ রান করে ফেরেন সাইফ হাসান। অপর ওপেনার তানজিদ হাসান তামিম ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংস খেললেও সেটিকে বড় করতে পারেননি।
মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের ব্যর্থতায় চাপে পড়ে বাংলাদেশ। একমাত্র প্রতিরোধ গড়েন ইয়াসির আলি রাব্বি। দীর্ঘদিন পর একাদশে ফিরে ৩৮ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। শেখ মেহেদি ১৮ বলে ১৯ রান করলেও শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদরা ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
এর আগে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া ডিয়ন মেয়ার্স ২০, সিকান্দার রাজা ২০, রায়ান বার্ল ৩০ এবং ব্রাড ইভান্স ১০ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে বল হাতে নাহিদ রানা ৪ উইকেট শিকার করে সবচেয়ে সফল বোলার ছিলেন। দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে।