বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ডেস্ক / ৩০ মোট শেয়ার
হালনাগাদ : বুধবার, ২২ জুলাই, ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ল্যাব পরীক্ষায় কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হামের উপসর্গে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে নিশ্চিত ও সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১০৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে নতুন কোনো রোগী পরীক্ষায় শনাক্ত না হলেও ৭১ জন নতুন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া দুই শিশুর একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হামে ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জন।


এই বিভাগের আরো খবর