শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ’লীগ নেতার মৃত্যু

ডেস্ক / ৪২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
আইসিইউতে হাতকড়া পরে ভাইরাল হওয়া আ’লীগ নেতার মৃত্যু

একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান ওরফে মনির খান (৪৮) মারা গেছেন।বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার হাতে হাতকড়া পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। মনির খানের স্বজনদের দাবি, ওই ছবি ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে থাকা সব মামলায় পর্যায়ক্রমে জামিন মঞ্জুর হলেও শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। শেষ পর্যন্ত হাসপাতাল থেকেই তার মৃত্যু হয়।

মনির খান পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন। পরে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে ঢাকায় ছয়টি এবং পটুয়াখালী সদর থানায় দুটি, মোট আটটি মামলা ছিল। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার সময় বিভিন্ন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। তার স্ত্রী সালমা জাহান, যিনি কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, তিনিও একসময় গ্রেপ্তার হয়ে কারাবন্দি ছিলেন।

মনির খানের স্ত্রী সালমা জাহান জানান, গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৪ জুন আইসিইউতে ভর্তি করা হয় এবং দুদিন পর লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ৩০ জুলাই মনির খানের শেষ মামলাতেও জামিন মঞ্জুর হয়। এর আগে অন্য সাতটি মামলায়ও তিনি জামিন পেয়েছিলেন। হাতকড়া পরা ছবি প্রকাশের পর সমালোচনার মুখে পুলিশ হাতকড়া খুলে দিলেও তার শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।

মনির খানের চাচা আবদুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার পটুয়াখালী সদর উপজেলা মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


এই বিভাগের আরো খবর