সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন

ডেস্ক / ২১ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন

ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং, ভৌতিক বিল তৈরি এবং সিলেটে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) বিকেল ৪টায় নগরীর বন্দর বাজারস্থ ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমবিএএফ সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান।

মানববন্ধনে বক্তারা সিলেট অঞ্চলে চলমান বিদ্যুৎ সংকট ও ভৌতিক বিলের কারণে সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা তুলে ধরেন। একই সাথে নগরী ও জেলাজুড়ে সাম্প্রতিক সময়ে অপরাধ বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, অসহনীয় লোড শেডিংয়ের ফলে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তার ওপর ভূতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। অবিলম্বে নিরপেক্ষ তদারকির মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। কর্মসূচী থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জোরালো দাবি জানানো হয়।


এই বিভাগের আরো খবর