শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

অনলাইন প্রতারণার অভিযোগে চীন-পাকিস্তানসহ ৫ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
অনলাইন প্রতারণার অভিযোগে চীন-পাকিস্তানসহ ৫ দেশের ৬৩ নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামের খুলশীতে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। অভিযানে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন।

সিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় দেড় মাস আগে কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে অনলাইন প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা এবং অন্যান্য অনলাইন অপরাধমূলক কার্যক্রম পরিচালনার কথা জানিয়েছেন বলে পুলিশ জানায়।

পুলিশের দাবি, বাংলাদেশে সংঘবদ্ধ অপরাধমূলক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য চক্রটির দেশীয় ও বিদেশি সহযোগী রয়েছে। এসব সহযোগীর মধ্যে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলেও গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন।সিএমপি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ও তাদের পলাতক সহযোগীরা পরস্পর যোগসাজশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ আত্মসাৎ এবং আইনানুগ কর্তৃত্ববহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে অপরাধ করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ১৩৪টি পুরোনো ও ব্যবহৃত মোবাইল ফোন, একটি অ্যাপল ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড।এ ছাড়া তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ড উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরো খবর