বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সিলেটে এক দিনে আরও ৯ ডেঙ্গুরোগী শনাক্ত

ডেস্ক / ২৪ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও নয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯২ জনে। তবে এ সময়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন দুজন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত নয়জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঁচজন এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২৯২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৬১ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ১২৬ জন এবং মৌলভীবাজারে ২৯ জন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নেওয়া ১১ জনও রয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে তিনজন, হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন চিকিৎসা নিচ্ছেন।চলতি মৌসুমে সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর