সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বেগম খালেদা জিয়া
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেনাকুঞ্জে তাকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিকাল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে।