মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের চার জনসহ ৫ বাংলাদেশি নিহত

ডেস্ক / ৩৭৯ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের চার জনসহ ৫ বাংলাদেশি নিহত

সৌদি আরবে ওমরাহ পালন শেষে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি চিকিৎসাধীন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছর বয়সী মেয়ে সুবহা আক্তার। ওই গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০)।

এদিকে মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দা শহরের একটি হাসপাতালে ভর্তি আছেন।

নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের ওশিম উদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যার ছেলে। নিহত প্রবাসী গাড়ির ড্রাইভার একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ির আবুল হোসেন পাটওয়ারী খোকার ছেলে।

নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম জানান, মিজান সৌদি প্রবাসী। গত ৩ ফেব্রুয়ারি তার স্ত্রী ও ৩ মেয়েকে নিয়ে ওমরাহ হজে যান। পাঁচদিন আগে ওমরাহ করার উদ্দেশ্যে তারা সৌদির বাসা থেকে বের হন। ওমরাহ শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ওই দুর্ঘনা ঘটে।

নিহত মিজানুর রহমানের মামাতো ভাই রিফাতুল ইসলাম জানান, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা মিজানসহ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এছাড়া মিজানের মেঝো মেয়ে ফাইজা হাসপাতালে চিকিৎসাধীন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে পাঁচজন মারা গেছে শুনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে সব ধরণের সহযোগীতা করা হবে।


এই বিভাগের আরো খবর