সরকার রমজান মাসে নিম্নআয়ের ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিনের চাহিদা পূরণের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণে এই প্রোটিন সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের লক্ষ্য হলো এই কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করা। এর ফলে বাজারে ক্রমবর্ধমান মূল্যের লাগাম টানা সম্ভব হবে এবং সাধারণ ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।
দেশের অন্যান্য জেলাতেও এই উদ্যোগ ছড়িয়ে দেয়া হবে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এতে ডিমের ডজন মিলছে ৯৬ টাকায়, ১ কেজি দুধ ৮০ টাকা ও ১ কেজি মাংস ৬৫০ টাকায়। এই উদ্যোগের ফলে বাজারেও জিনিসপত্রের দাম কমে আসবে।
তিনি বলেন, ‘রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। সরকারের এই উদ্যোগ সেই কষ্ট লাঘবে সহায়ক হবে।’
তিনি আরও জানান, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এ দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সম্ভব।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেয়া হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বিপিআইসিসি-এর সভাপতি মশিউর রহমান এবং বিসিএফএফএ-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।