শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ফোর্বসের শীর্ষ আয়ের তালিকা:শীর্ষে রোনালদো, মেসিকে টপকে দুইয়ে কানেলো

ডেস্ক / ৩৯ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৩ মে, ২০২৬
ফোর্বসের শীর্ষ আয়ের তালিকা:শীর্ষে রোনালদো, মেসিকে টপকে দুইয়ে কানেলো

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা এবার নিয়ে টানা চতুর্থ এবং সবমিলিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বের সব ক্রীড়াবিদদের পেছনে ফেলে আয়ের শীর্ষে অবস্থান করছেন। বিগত ১২ মাসে ৪১ বছর বয়সী এই সিআরসেভেনের মোট আয় দাঁড়িয়েছে ৩০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৩৬৮৮ কোটি টাকারও বেশি)।

রোনালদোর এই আয়ের সিংহভাগই এসেছে ফুটবল মাঠ থেকে। সৌদি ক্লাবের সাথে চুক্তি অনুযায়ী মাঠের পারফরম্যান্স থেকে তিনি আয় করেছেন ২২৫ মিলিয়ন ডলার এবং মাঠের বাইরের বিভিন্ন স্পনসরশিপ ও বাণিজ্যিক কার্যক্রম থেকে তাঁর পকেটে এসেছে আরও ৬৫ মিলিয়ন ডলার।

এই তালিকার সবচেয়ে বড় চমক হিসেবে লিওনেল মেসিকে টপকে দুই নম্বরে উঠে এসেছেন মেক্সিকোর তারকা বক্সার সাউল ‘কানেলো’ আলভারেজ। ৩৫ বছর বয়সী এই ফাইটার ২০২৫ সালে মোট ১৭০ মিলিয়ন ডলার (২০৯০ কোটি টাকার বেশি) আয় করেছেন। যদিও রিংয়ের ভেতরে সময়টা তাঁর ক্যারিয়ারের সেরা ছিল না; ২০২৫ সালে তিনি ১-১ রেকর্ড করেন এবং টেরেন্স ক্রফোর্ডের কাছে হেরে নিজের অবিসংবাদিত সুপার মিডলওয়েট চ্যাম্পিয়নশিপের বেল্টটি হারান। কানেলোর এই আয়ের ১৬০ মিলিয়ন ডলারই এসেছে রিংয়ের ভেতরের লড়াই থেকে এবং বাকি ১০ মিলিয়ন এসেছে মাঠের বাইরের চুক্তি থেকে।

মে মাসে উইলিয়াম স্কালের বিপক্ষে সর্বসম্মত সিদ্ধান্তে জয় পাওয়ার পর সেপ্টেম্বরে ক্রফোর্ডের কাছে হারেন তিনি। এরপর কনুইয়ের অস্ত্রোপচারের কারণে বর্তমানে তিনি রিংয়ের বাইরে থাকলেও আগামী ১২ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে ক্রিস্টিয়ান এমবিলির বিপক্ষে ডব্লিউবিসি সুপার মিডলওয়েট শিরোপার লড়াই দিয়ে আবারও রিংয়ে ফিরবেন এই মেক্সিকান তারকা।

অন্যদিকে, রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার শীর্ষ আয়ের তালিকায় তিনে নেমে গেছেন। গত এক বছরে ইন্টার মায়ামি তারকার মোট আয় হয়েছে ১৪০ মিলিয়ন ডলার (১৭২১ কোটি টাকার বেশি)। ফুটবলের এই জাদুকরের আয়ের ক্ষেত্রে দারুণ এক সামঞ্জস্য দেখা গেছে; তিনি মাঠের পারফরম্যান্স থেকে ৭০ মিলিয়ন এবং মাঠের বাইরের নানামুখী ব্যবসায়িক ও বিজ্ঞাপন কার্যক্রম থেকে সমপরিমাণ অর্থাৎ ৭০ মিলিয়ন ডলার পকেটে পুরেছেন।

 

ফোর্বসের এই শীর্ষ তালিকায় কানেলো ছাড়াও অন্য একমাত্র বক্সার হিসেবে জায়গা করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে পেশাদার বক্সার বনে যাওয়া জ্যাক পল। মোট ৭০ মিলিয়ন ডলার আয় নিয়ে তিনি তালিকার ২৩তম স্থানে রয়েছেন। ২৯ বছর বয়সী পলও ২০২৫ সালে ১-১ রেকর্ড করেন, যেখানে জুনে জুলিও সিজার শ্যাভেজ জুনিয়রকে হারালেও ডিসেম্বরে অ্যান্থনি জশুয়ার কাছে নকআউটে পরাজিত হন। সেই লড়াইয়ে চোয়াল ভাঙার পর থেকে তিনি মাঠেরবাইরে রয়েছেন এবং ২০২৭ সালের শুরুর দিকে ফের রিংয়ে নামার আশা করছেন।

বিশ্বের শীর্ষ ১০ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় থাকা বাকি অন্যান্য অ্যাথলেটরা হলেন—যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস (১৩৭.৮ মিলিয়ন ডলার), জাপানের বিশ্বখ্যাত বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি (১২৭.৬ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল সুপারস্টার স্টিফেন কুরি (১২৪.৭ মিলিয়ন ডলার), স্পেনের গলফার জন রাম (১০৭ মিলিয়ন ডলার), ফ্রান্সের সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ও বর্তমানে আল ইত্তিফাকে খেলা করিম বেনজেমা (১০৪ মিলিয়ন ডলার), যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট (১০৩.৮ মিলিয়ন ডলার) এবং যুক্তরাজ্যের ফর্মুলা ওয়ান রেসিং তারকা লুইস হ্যামিল্টন (১০০ মিলিয়ন ডলার)। সব মিলিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনে ফুটবল, বাস্কেটবল ও বক্সিংয়ের তারকাদেরই আয়ের দিক থেকে সবচেয়ে বেশি রাজত্ব করতে দেখা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর