জিম্বাবুয়ের কাছে সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিল জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৪০ ও জিম্বাবুয়ে ৪১০ রান করেছিল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করে বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে ছিল টাইগাররা।
তৃতীয় দিন বাকী ৯ উইকেটে ১৪৫ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে মুশফিকুর রহিম ৩৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩০, অমিত হাসান ২৫, মাহমুদুল হাসান জয় ২২, হাসান মাহমুদ ১৫, মোমিনুল হক ১৩ এবং এবাদত হোসেন অপরাজিত ১২ রান করেন।
জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানি ৪টি এবং রিচার্ড এনগারাভা ৩টি উইকেট নেন।