মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, প্রাণ গেলো ১০ জনের

আন্তর্জাতিক ডেস্ক / ২১৬ মোট শেয়ার
হালনাগাদ : সোমবার, ৬ জুলাই, ২০২৬
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, প্রাণ গেলো ১০ জনের

টানা প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই। বৃষ্টি-সংক্রান্ত একাধিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি ঘটায় পুনে-মুম্বাই এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মুম্বাই-পুনে জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ।কুরলায় রাস্তার ধারের দোকানের উপর গাছ ভেঙে পড়ায় ইউনূস কুন্দ্রাওয়ালা (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে বৃহন্মুম্বাই পুরসভা।

সাকি নাকা এলাকায় খোলা ম্যানহোলে পড়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি । নবি মুম্বাইয়ের খারঘরের পাণ্ডবকাড়া জলপ্রপাতে নিষেধাজ্ঞা অমান্য করে নামতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই যুবক । মীরা রোড-ভায়ান্দর এলাকায় মোটরবাইকে যাওয়ার সময় নারকেল গাছ ভেঙে পড়ায় যতীন বুন্দি (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

লোহাগড় দুর্গের কাছে পাটন গ্রামে ধসের জেরে একটি পরিবার আটকে পড়েছে। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় অভিযান চালাচ্ছে ।প্রবল বৃষ্টি ও ধসের জেরে পুনে-মুম্বাই এক্সপ্রেসওয়ের একটি কংক্রিটের স্তম্ভ ভেঙে পড়েছে । বিকল্প রাস্তাগুলিও জলমগ্ন হয়ে পড়ায় এক্সপ্রেসওয়ে এবং পুরোনো মুম্বাই-পুনে সড়ক দুই দিক থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে । কানেক্টিং লিঙ্ক রোডের টানেল-২-এর কাছে ধস নামায় সোমবার ভোর ৪টা থেকে সব যান চলাচল বন্ধ রয়েছে ।

রেল যোগাযোগও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারজাত ও লোনাভালার মাঝামাঝি দক্ষিণ-পূর্ব ঘাট সেকশনে ধস নেমেছে, যার ফলে সেন্ট্রাল রেলের মুম্বাই ডিভিশনের একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । অন্তত ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ৯টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে ।

আবহাওয়া দপ্তর থানে, পালঘর এবং রায়গড়ে রেড অ্যালার্ট জারি করেছে । ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে মুম্বাই, থানে এবং পালঘর এলাকার সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে । ৬ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করেছে মুম্বাই বিশ্ববিদ্যালয় । পরিস্থিতির অবনতি হওয়ায় অত্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন ।


এই বিভাগের আরো খবর