চলমান ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে চার পরাশক্তি জায়গা করে নিলেও, মাঠের লড়াইয়ের আগেই টিকিটের বাজারে একচেটিয়া আধিপত্য দেখাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটি। বিশ্বমঞ্চের ফাইনালের টিকিট কাটার এই লড়াইয়ে টিকিটের মূল্যে ফ্রান্স ও স্পেনের মধ্যকার প্রথম সেমিফাইনালকে বহুদূর ছাড়িয়ে গেছে দ্বিতীয় সেমিফাইনাল। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম এখন ফ্রান্স-স্পেন ম্যাচের চেয়ে দ্বিগুণেরও বেশি।
টিকিট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘টিকিটডাটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, টেক্সাসের আরলিংটনে (ডালাস) বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফ্রান্স ও তিনে থাকা স্পেন। সোমবার রাত পর্যন্ত এই হাইভোল্টেজ ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার টাকার বেশি)। অবশ্য গত তিন দিনে এই ম্যাচের টিকিটের দাম প্রায় ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।
অন্যদিকে, জর্জিয়ার আটলান্টায় বুধবার দিবাগত রাত ১টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ফুটবল পরাশক্তি ইংল্যান্ড। এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪১ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকারও বেশি)। যা ফ্রান্স ও স্পেনের মধ্যকার ম্যাচের টিকিটের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি। গত তিন দিনে এই মহারণের টিকিটের দাম রেকর্ড ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত শনিবার এই ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে উঠলেও পরদিন তা সামান্য কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, আটলান্টায় আর্জেন্টিনার বিপুলসংখ্যক প্রবাসী সমর্থকের উপস্থিতিই টিকিটের এই আকাশচুম্বী চাহিদার অন্যতম প্রধান কারণ। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেডে দীর্ঘদিন ধরে আর্জেন্টাইন ফুটবলারদের আধিপত্য থাকায় এই অঞ্চলে মেসিদের নিয়ে উন্মাদনাও অনেক বেশি।
এদিকে, ফ্লোরিডার মিয়ামিতে আগামী শনিবার দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৪৩ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার বেশি)।
এছাড়া নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী রবিবার (১৯ জুলাই) অনুষ্ঠিতব্য ফুটবল মহাযজ্ঞের ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম বর্তমানে ঠেকেছে ৬ হাজার ৭৬০ মার্কিন ডলারে (প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকার বেশি)। যদিও গত ৭২ ঘণ্টায় ফাইনালের টিকিটের দাম ৬ শতাংশ কমেছে। এর আগে গত বছরের অক্টোবরে ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম রেকর্ড ১৩ হাজার ৬৫০ ডলারে (প্রায় ১৬ লাখ ৮৩ হাজার টাকা) উঠেছিল, যা পরবর্তীতে গত ২১ জুন ১২ হাজার ৩০১ ডলার এবং ৬ জুলাই ৯ হাজার ৯১১ ডলারে নেমে আসে।