রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে, দুইয়ে মেসি

ডেস্ক রিপোর্ট / ৪২ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে, দুইয়ে মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নতুন শীর্ষে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙে নিজের গোলসংখ্যা ২২-এ উন্নীত করেছেন ফরাসি অধিনায়ক।

মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ফ্রান্স। বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে চার গোল হজমের অভিজ্ঞতা তাদের ইতিহাসে এই প্রথম।বিরতির পর ৪৮তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। সেই গোলেই তিনি বিশ্বকাপে মেসির ২১ গোলের রেকর্ড স্পর্শ করেন।

এরপর ৬৬তম মিনিটে আবারও ওলিসের সঙ্গে দারুণ বোঝাপড়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। ডান দিক থেকে আসা আক্রমণে ওলিসে ডামি করলে বল পেয়ে তাকে পাস দেন এমবাপ্পে। পরে ফিরতি পাস গ্রহণ করে বক্সের ভেতরে একজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন তিনি। এই গোলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড গড়েন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এমবাপ্পে ২২টি বিশ্বকাপ ম্যাচ খেলেই ২২ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে, মেসি ২১ গোল করতে খেলেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩টি ম্যাচ।

চলতি ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের পর তার টুর্নামেন্টে মোট গোল দাঁড়িয়েছে ১০টি, যা তাকে গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে নিয়ে গেছে। ৮ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি, যার সামনে এখনও স্পেনের বিপক্ষে ফাইনাল খেলার সুযোগ রয়েছে।

তবে ব্যক্তিগত রেকর্ড গড়লেও দলগত সাফল্য আসেনি এমবাপ্পের। ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরে চতুর্থ স্থান নিয়েই বিশ্বকাপ শেষ করতে হয়েছে ফ্রান্সকে।


এই বিভাগের আরো খবর