হরমুজ প্রণালীতে লক্ষ্যবস্তু হওয়া প্রতিটি জাহাজের জন্য একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্রে বোমা ফেলার ওয়াশিংটনের হুমকির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের অবকাঠামোর ওপর যেকোনো হামলার উপযুক্ত ও চূড়ান্ত জবাব দেবে ইরান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, “আমাদের প্রতিরক্ষা নীতি সুস্পষ্ট: যেমন কর্ম তেমন ফল। আমাদের অবকাঠামোসহ ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।”
তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে এসেছে। ট্রাম্প বুধবার সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালীতে ইরান যতবার কোনো জাহাজে গুলি চালাবে, যুক্তরাষ্ট্র ততবার একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবে।
এর আগে বৃহস্পতিবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) দাবি করে যে, তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকারকে বাধা দিয়েছে। আইআরজিসি আরও বলে, প্রণালীটি ইরানের নিয়ন্ত্রণে এবং যুক্তরাষ্ট্রের প্ররোচনায় কোনো জাহাজ যদি সমন্বয় ছাড়া এটি অতিক্রম করতে চায়, তবে তারও একই পরিণতি হবে।
এদিকে, ইরানের এই দাবিকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে প্রবেশ ও প্রস্থানের পথ নিয়ন্ত্রণের বিষয়ে আইআরজিসি-র বক্তব্য সঠিক নয়।বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরান সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওমানি উপকূল ঘেঁষে প্রণালী অতিক্রমকারী ট্যাংকারগুলোর ওপর হামলা চালিয়ে আসছে, যার জবাবে যুক্তরাষ্ট্র টানা দ্বাদশ রাত ধরে ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করছে।