ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। এ সময় তার সাথে কয়েকজন ইসরাইলি কর্মকর্তা এবং দুই হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী ছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে জর্ডান ও ফিলিস্তিনি সংগঠন হামাস তীব্র নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এক বিবৃতিতে বলেন, বেন-গভিরের এই পদক্ষেপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনগত ‘স্থিতাবস্থা’ লঙ্ঘন করেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে ইসরাইলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা প্রয়োজন।
অন্যদিকে হামাস এক বিবৃতিতে এ ঘটনাকে ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত দখলদার শক্তি ও তাদের বসতি স্থাপনকারীদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে।
হামাস আরও বলেছে, ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ বাহিনী পবিত্র ধর্মীয় স্থানগুলোর অবমাননার ঘটনায় কখনোই নীরব থাকবে না।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলমানদের কাছে এটি ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিদের কাছে একই এলাকা ‘টেম্পল মাউন্ট’ নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে পরিচিত।