দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ফরিদ আহমদ-কে সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমদ জুলকারনাইন-কে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর নতুন কমিটি গঠন করায় নজরুল একাডেমী সিলেটের নতুন নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও দ্রোহের কবি। নজরুলের কালজয়ী সৃষ্টি ও আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল একাডেমী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমি বিশ্বাস করি, এই নতুন নেতৃত্বের মধ্য দিয়ে নজরুল একাডেমী তার অতীতের গৌরবময় ইতিহাস ফিরে পাবে এবং সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
কয়েস লোদী আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন গঠিত এই কমিটি নজরুল চর্চাকে বেগবান করার পাশাপাশি সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ, গতিশীল ও মুখরিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।