রাঙামাটির বাঘাইছড়িতে দীর্ঘদিন বিদ্যুৎ না পাওয়ার অভিযোগে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকেরা। নতুন ট্রান্সফরমার বসানোর নামে টাকা নেওয়ার পরও দুই মাস ধরে বিদ্যুৎ সংযোগ না দেওয়ার অভিযোগ তুলে তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হয়রানিমুক্ত সেবার দাবি জানান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে অর্ধশতাধিক গ্রাহক বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে অফিস ঘেরাও করে রাখেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল। নতুন ট্রান্সফরমার দেওয়ার জন্য বিদ্যুৎ অফিস ৮০ হাজার টাকা দাবি করলে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা পরিশোধ করেন। তবে এখনো ট্রান্সফরমার স্থাপন বা বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি।
এছাড়া তারা অভিযোগ করেন, আবাসিক প্রকৌশলী সুগত চাকমার সঙ্গে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। নিয়মিত অফিস না করা, ফোন রিসিভ না করা এবং মিটার রিডিং ছাড়াই বিল তৈরির কারণেও গ্রাহকদের ভোগান্তি বাড়ছে বলে দাবি করেন তারা।
অভিযোগের বিষয়ে আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, জেলা সদর থেকে ট্রান্সফরমার আনতে অতিরিক্ত ব্যয়, জনবল সংকট এবং অন্যান্য সীমাবদ্ধতার কারণে কাজ বিলম্বিত হয়েছে। পাশাপাশি দূরবর্তী এলাকায় সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।