কুমিল্লার দাউদকান্দির পিতামুদ্দি বাজার এলাকায় খিরাই নদীর ওপর নির্মিত জরাজীর্ণ বেইলি সেতু ভেঙে ট্রাক ও ট্রলারসহ নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে একটি ভারী মালবাহী ট্রাক পার হওয়ার সময় সেতুটির একটি অংশ ভেঙে ট্রাকটি নিচে থাকা ইটবোঝাই ট্রলারের ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় ট্রলার ও ট্রাকের চালকসহ চারজন আহত হয়েছেন এবং দাউদকান্দির সঙ্গে মতলব দক্ষিণের আঞ্চলিক সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয়রা জানান, গৌরীপুর-ভায়া পিতামুদ্দি-নায়েরগাঁও-মতলব দক্ষিণ সড়কটি প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এবং এই পথ দিয়ে প্রতিদিন দুই উপজেলার লাখো মানুষ যাতায়াত করেন। ১৯৮০ সালে নির্মিত মূল সেতুটি ২০১৫ সালে ঝুঁকিপূর্ণ ঘোষিত হলে ২০১৬ সালে অস্থায়ীভাবে এই বেইলি সেতু স্থাপন করা হয়। কিন্তু দীর্ঘ দিন নতুন সেতু নির্মিত না হওয়া এবং প্রায় তিন মাস আগেও সেতুটি ধসে পড়ার পর জোড়াতালি দিয়ে মেরামত করায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি ব্যবসায়ীদের।
উপজেলা প্রকৌশলী জাহিদ হাসান ও সহকারী আবুল কালাম আজাদ জানান, ঘটনাটির খবর পেয়ে বিকল্প ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। বেইলি সেতুর ২০০ গজ পশ্চিমে পিতামুদ্দি বাজারের ভেতরে নদীতে আরেকটি সেতু থাকায় সাময়িকভাবে সেটি দিয়েই পথচারীরা যাতায়াত করছেন।
উপজেলা প্রকৌশলী আরও নিশ্চিত করেন যে, খিরাই নদীর ওপর স্থায়ী নতুন সেতু নির্মাণের জন্য গত ২০ জুলাই ৫ কোটি ৫৩ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছিল এবং গত ৩০ জুলাই ঠিকাদারের কাছে কাজের জন্য সাইট বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুতই নতুন সেতুর নির্মাণকাজ শুরু হবে।