গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম)-কে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আট বিভাগের জন্য এই লটারি অনুষ্ঠিত হয়।
লটারির ফল অনুযায়ী, ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২৭ জন করে, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপসহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
লটারি কার্যক্রম পরিচালনা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, লটারিভিত্তিক বদলি ও পদায়ন প্রক্রিয়া স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেনও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় শৃঙ্খলা আরও সুসংহত হবে।
অনুষ্ঠানে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছেরসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ৩০ জুলাই একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল)-কে বদলি করা হয়েছিল।