শুধু ভালো ফলাফল নয়; শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত উপস্থিতির ওপর গুরুত্বারোপ করে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে অর্ধবার্ষিক ও এসএসসি প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল ঘোষণা এবং শতভাগ উপস্থিতি অর্জনকারী শিক্ষার্থীদের ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রভাষক তোফায়েল আহমেদ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ভালো ফলাফলই শেষ কথা নয়। শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ এবং নিয়মিত উপস্থিতিই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্যের ভিত্তি। শুধু ভালো ফলাফল অর্জন করলেই দায়িত্ব শেষ হয় না; বরং একজন আদর্শ শিক্ষার্থীকে একই সঙ্গে জ্ঞান, চরিত্র, শৃঙ্খলা ও দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হয়।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছে, তারা তাদের সহপাঠীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাদের এই অর্জনের স্বীকৃতি শুধু একটি পুরস্কার নয়, বরং নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতার প্রতি সম্মান। আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল, অধ্যবসায়ী ও সাফল্যমুখী হতে অনুপ্রাণিত করবে।
একাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক চেষ্টার কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও শিক্ষার্থীরা এই সাফল্য বজায় রেখে নিজেদের ও প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে আনবে।
অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রভাষক জাহাঙ্গীর হোসেন ও প্রভাষক মুনাব্বির জোহান। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শ্রেণিকক্ষে উপস্থিতি, শৃঙ্খলা ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।পরবর্তী পর্বে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক এবং এসএসসি প্রি-টেস্ট পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে রেজাল্ট কার্ড ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হতে উৎসাহিত করতে অধ্যক্ষ মো. ফয়জুল হকের উদ্যোগে প্রবর্তিত ‘প্রিন্সিপাল অ্যাওয়ার্ড’-এর আওতায় চলতি টার্মে শতভাগ উপস্থিতি নিশ্চিতকারী ৬৮ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উল্লাস ও আনন্দঘন পরিবেশ পুরো অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করে। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দমুখর ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।