বোয়ালখালীতে মধ্য রাতে সড়কে ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। আহতরা হলেন, পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুরের অটোরিকশা চালক মো.সায়েম (২৫), যাত্রী পশ্চিম শাকপুরার একই পরিবারের রতœা দাশ (৪২), রুনা দাশ (৩০), পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশ (১৮)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে। তবে অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। কমিউনিটি সেন্টার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শাকপুরার দিকে যাচ্ছিল।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন।