সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

দামেস্কে অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক / ২৮ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
দামেস্কে অপহরণ চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সিরিয়ার দামেস্কের গ্রামীণ এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।শুক্রবার এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবসায়ী, বণিক এবং বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের অপহরণ করে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে।

বিভিন্ন ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।অভিযানে সন্দেহভাজনদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে পিকেসি মেশিনগান, অ্যাসল্ট রাইফেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড এবং বিভিন্ন ধরনের গুলি। এছাড়া মুক্তিপণের অর্থ দিয়ে কেনা কয়েকটি গাড়িও জব্দ করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চারটি অপহরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। এসব ঘটনায় আরও কয়েকজন সহযোগী জড়িত রয়েছে, যারা এখনো পলাতক।বিবৃতিতে বলা হয়, অপহৃতদের মধ্যে বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকরাও ছিলেন। চক্রটির সদস্যরা এসব অপহরণের মাধ্যমে ১ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারের বেশি মুক্তিপণ আদায় করেছে বলে স্বীকার করেছে।

এছাড়া সম্প্রতি আরও এক ব্যক্তিকে মুক্তির বিনিময়ে তার পরিবারের কাছে ১ লাখ ডলার মুক্তিপণ দাবি করার কথাও জানিয়েছে তারা।সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর