রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন স্বামীর

ডেস্ক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন স্বামীর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছেন তিন সন্তানের জননী মাহমুদা আক্তার। তিনি উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।শনিবার (৮ আগস্ট) দুপুরে স্ত্রীর এমন অবস্থানে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করেন সোহেল মিয়া। একই সঙ্গে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি।

স্থানীয়রা জানান, উত্তর কলাউড়া গ্রামের মাহমুদা আক্তারের সঙ্গে একই গ্রামের ফয়েজ মিয়া ওরফে খয়েজের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে মাহমুদা ও তার স্বামীর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে মানসিকভাবে ভেঙে পড়েন সোহেল।

এরই মধ্যে মাহমুদা ফয়েজ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তিন দিন ধরে সেখানে অবস্থান করার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন সোহেল।

সাংবাদিকদের কাছে মাহমুদা আক্তার তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে ঘটনার পর থেকে ফয়েজ মিয়া মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পরিস্থিতি আরও জটিল না করতে স্থানীয় মাতব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দোয়ারাবাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়ার ঘটনাটি নতুন করে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো খবর