রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দাবানলে পুড়ছে কানাডা, সরানো হয়েছে ২০ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
দাবানলে পুড়ছে কানাডা, সরানো হয়েছে ২০ হাজারের বেশি মানুষ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।শনিবার (৮ আগস্ট) প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

‘বাল্ড রেঞ্জ’ নামে দাবানলটি রাতারাতি প্রায় দ্বিগুণ আকার ধারণ করে। আগুনে প্রায় ৯ হাজার ৫০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। সামারল্যান্ড, পিচল্যান্ডসহ ওকানাগান লেকের পশ্চিমের বিভিন্ন এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই বেশি যে, পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি বলেন, আগুনের শিখা প্রায় ১০০ ফুট উঁচু গাছে উঠে আরও ২০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আগুন নিজস্ব আবহাওয়াও তৈরি করছে, যার ফলে বজ্রপাত হচ্ছে এবং আগুন আরও ছড়িয়ে পড়ছে।

দাবানলের কারণে বেশ কিছু বাড়িঘর ও স্থাপনা পুড়ে গেছে। দ্রুত পরিস্থিতি পরিবর্তনের কারণে কিছু মানুষ আটকা পড়লে তাদের উদ্ধার করা হয়েছে। নিরাপদে সরে যাওয়ার সময় অনেক বাসিন্দা দক্ষিণে পেন্টিকটন অথবা উত্তরে কেলোনার দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পরে কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়।

প্রদেশজুড়ে বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ দমকলকর্মী ১০০টির বেশি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০টি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ এবং আরও ৪৯টি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।চলতি বছর কানাডাজুড়ে দাবানলে প্রায় ৪০ লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে। গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে।


এই বিভাগের আরো খবর