শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৬২

ডেস্ক / ১৩ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৬২

নেত্রকোনার কলমাকান্দায় একটি কবরস্থানের নামকরণ, ব্যবস্থাপনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া এলাকায় এ ঘটনায় নারীসহ অন্তত ৬২ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আমগড়া বাজারসংলগ্ন একটি কবরস্থান প্রায় ৬০-৭০ বছর ধরে পুলিয়া পানিশ্বরপাড়া, আমগড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ব্যবহার করে আসছেন। সম্প্রতি কবরস্থানটির নাম ও পরিচালনা কমিটি নিয়ে পুলিয়া পানিশ্বরপাড়ার বাসিন্দাদের সাথে আমগড়া গ্রামের অধিবাসীদের বিরোধ দেখা দেয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল।

এরই মধ্যে পানিশ্বরপাড়ার লোকজন কবরস্থানের প্রবেশপথসংলগ্ন জায়গায় দোকানপাট নির্মাণের উদ্যোগ নেন। এতে আমগড়া ও আশপাশের এলাকার লোকজন বাধা দেন। এ নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে সংঘর্ষ আমগড়া বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের কয়েকটি দোকানপাট ও সংলগ্ন বাসাবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এম এম এস মাটি বলেন, সংঘর্ষের ঘটনায় ৬২ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৫৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর