রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

কাপ্তাই বিএসপিআইয়ে শিক্ষার্থীদের দু’পক্ষে সংঘর্ষ, আহত ১৩

ডেস্ক / ৩১ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
কাপ্তাই বিএসপিআইয়ে শিক্ষার্থীদের দু'পক্ষে সংঘর্ষ, আহত ১৩

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) আঞ্চলিক ফোরাম গঠন ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ইনস্টিটিউটের ছাত্রাবাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিএসপিআই-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন।আহত শিক্ষার্থীরা হলেন— হোসেন নূর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আবদুল্লাহ আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ। তাঁরা সকলেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

ঘটনার পর রাতেই ইনস্টিটিউট কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে এলেও ৪ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।খবর পেয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনায় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।

বিএসপিআই-এর হোস্টেল সুপার আব্দুল মান্নান জানান, বর্তমানে ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলমান থাকায় আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।এদিকে ঘটনা তদন্তে অটোমোবাইল বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।


এই বিভাগের আরো খবর