চট্টগ্রাম নগরের খুলশীর ঝাউতলা এলাকায় বিয়ের চার মাসের মাথায় তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে পালিয়ে গেছেন তার স্বামী মো. আকাশ (২৬)।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ব্যবসার জন্য টাকা এনে দেওয়ার চাপ ও নির্যাতন করা হতো তানজিনাকে। টাকা দিতে না পারায় তাকে মারধরও করা হয়েছে বলে দাবি স্বজনদের। তাদের দাবি, এটি আত্মহত্যা নয়, তানজিনাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
পুলিশ জানায়, সকালে ঝাউতলার একটি বাসা থেকে তানজিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে তার স্বামী আকাশ নিজেই চমেক হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের সামনে লাশ রেখে তিনি পালিয়ে যান।খুলশী থানার এসআই মনোতোষ বিশ্বাস বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন। স্বজনদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।