রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৯ নারী-পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক / ৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৯ নারী-পুরুষ

ভারতে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ নারী ও দুই শিশু রয়েছে।

ফেরত আসারা হলেন- নড়াইলের শহীদ মল্লিকের মেয়ে মুক্তা খানম (৩৪), একই জেলার ইমরান শিকদারের মেয়ে খাদিজা বেগম (৩৬) ও তার মেয়ে আয়েশা খাতুন (৮), শহিদ মল্লিকের মেয়ে জাহানারা বেগম (৩৯) ও তার মেয়ে রুকসানা খাতুন (৫), বরিশাল জেলার খগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে তপন মণ্ডল (২৯), রাজবাড়ী জেলার নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা (২৮), খুলনা জেলার সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার (২৩) এবং একই জেলার বিধান চন্দ্র বাচ্চুর ছেলে রামকৃষ্ণ বাচ্চু (২০)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ তিন বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে এবং ক্ষেত খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন।

পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘জাস্টিস এন্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর