শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

চার শিশুসহ তিন জেলায় পানিতে ডুবে ৬ জনের মৃত্যু

ডেস্ক / ১৫ মোট শেয়ার
হালনাগাদ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
চার শিশুসহ তিন জেলায় পানিতে ডুবে ৬ জনের মৃত্যু

দেশের তিন জেলায় পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) পাবনায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়। একই দিন কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু এবং নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর:

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত তিন শিশু হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম (আশরাফ)-এর ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।নিহত দুই শিশু হলো—শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) ও একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)।

স্থানীয় লোকজন জানান, সকালে নিশান ও আরজিন শাহপরীরদ্বীপ জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা ও জেলেরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ড সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।

প্রায় চার ঘণ্টা তল্লাশির পর দুপুর ২টার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, নিশানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত পানি পান করায় তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নাফ নদীতে দুই শিশু নিখোঁজের বিষয়টি জানা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার চিনাহালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ চিনাহালা এলাকার কাজল মিয়ার ছেলে।স্থানীয় লোকজন জানান, পরিবারের লোকজনের অজান্তে খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামসাদ সারোয়ার সামিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরো খবর