চট্টগ্রামের বোয়ালখালীতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তিন বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।ডাকাত দল ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেট এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ জানান, রাত ৩টার দিকে ৬-৭ জনের একটি দল অস্ত্র দেখিয়ে তাদের জিম্মি করে ফেলে। এসময় তার স্বামী শরিফুল ইসলামসহ পরিবারের সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করে। তিনি বলেন, ২টি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, একটি নাকফুল, এক জোড়া ডায়মন্ডের কানের দুল, দুই জোড়া রূপার নুপুর, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৪১ হাজার টাকা নিয়ে গেছে।
অটোরিকশাচালক নুরুল আবছার রুবেল বলেন, রান্নাঘরের জানালার গ্রিল কেটে এক বাচ্চাকে প্রবেশ করিয়ে ডাকাত দল দরজা খোলায়। এরপর তার গলায় ছুরি ধরে হাত বেঁধে ফেলে। তার ঘরের সদস্যদের নিয়ে কথা একটি কক্ষে আটকে রাখে।রুবেল জানায়, ঘর তছনছ করে ২৫ হাজার টাকা এবং তর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে গেছে।ডাকাত কবলিত এই পরিবারগুলো একই ভবনের পরিবার নিয়ে ভাড়ায় থাকেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কাটার দিয়ে গ্রিল কেটে এক শিশুকে ভেতরে ঢুকিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।