নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের তিন উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ নেতাকর্মীকে নিজস্ব অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন তারা। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, আসনের নেতারা যেন ধর্মীয় অনুশাসন মেনে চলেন, সেটি চান এমপি মহোদয়। এ কারণে নিজের অর্থায়নে মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং তাকে নিয়ে মোট ৪৭ জনকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন তিনি। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না।
ওমরাহ পালনে যাওয়া ব্যক্তিদের মধ্যে মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ ১৭ জন রয়েছেন। মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ ১৮ জন এবং খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টসহ ১১ জনও রয়েছেন। তাদের সঙ্গে বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা মো. হায়দার আলীও গেছেন।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, ‘আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমরাও যেন ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশে তিনি আমাদের পবিত্র ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তার (বাবর) নিয়তকে কবুল করেন এবং আমাদের ওমরাহ কবুল করেন। সঠিকভাবে ওমরাহ পালন শেষে ফিরে আমরাও যেন ন্যায়-নীতির পথে চলতে পারি। একটি মহৎ উদ্দেশ্যে তিনি আমাদের পাঠাচ্ছেন। এজন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’