রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরিতে একটি বাড়িতে এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই গুলির ঘটনার বিস্তারিত তুলে ধরে কর্তৃপক্ষ।৪৫ বছর বয়সী ওই বন্দুকধারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি নিজের গুলিতে মারা যান বলে ধারণা করা হচ্ছে। ইরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, ‘কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার পরও দীর্ঘদিন মনে গেঁথে থাকে। এটি তেমনই একটি মর্মান্তিক দৃশ্য।’

রয়টার্সের খবরে বলা হয়, হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। লোরাহ জানান, মোট নিহত নয়জনের মধ্যে আটজন একই পরিবারের সদস্য এবং একজন তাদের পারিবারিক বন্ধু।তিনি বলেন, বন্দুকধারী বাড়িতে প্রবেশের পর বাইরে বেরিয়ে আসেন এবং দুই নারীকে গুলি করেন। ওই দুই নারীকে তখন ‘বিচলিত’ অবস্থায় দেখা যায়। তারা প্রতিবেশীদের কাছে সাহায্য চাইতে এদিক-ওদিক হাঁটছিলেন। পেরি স্ট্রিটের ওই বাড়ির দ্বিতীয় তলায় সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজে পায় পুলিশ।

ইরির মেয়র ডারিয়া ডেভলিন বলেন, ‘পুলিশ বিভাগ একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে, অকল্পনীয় পরিস্থিতি সামলেছে এবং সাহস ও পেশাদারিত্বের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেছে।’এর আগে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানান, তিনি মেয়র ডেভলিনের সঙ্গে কথা বলেছেন এবং এই মর্মান্তিক বন্দুক হামলার পর সহায়তার প্রস্তাব দিয়েছেন।

শাপিরো দীর্ঘদিন ধরে ‘যৌক্তিক অস্ত্র নিরাপত্তাব্যবস্থার’ পক্ষে কথা বলে আসছেন। ২০২৪ সালে তিনি পেনসিলভানিয়ার আইনসভাকে অস্ত্র নিয়ন্ত্রণে সংস্কার আনার আহ্বান জানান। প্রস্তাবগুলোর মধ্যে ছিল সবার জন্য বাধ্যতামূলক পটভূমি যাচাই এবং সিরিয়াল নম্বরবিহীন, শনাক্ত করা যায় না এমন ঘরে তৈরি আগ্নেয়াস্ত্রের ওপর বিধিনিষেধ। তবে তার বেশ কয়েকটি প্রস্তাব অঙ্গরাজ্যের আইনসভায় আটকে আছে।

গান ভায়োলেন্স আর্কাইভের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি গণ-গোলাগুলির ঘটনা ঘটেছে। বন্দুকধারী বাদে অন্তত চারজন গুলিবিদ্ধ হন এমন ঘটনাকে গণ-গোলাগুলি হিসেবে সংজ্ঞায়িত করে সংস্থাটি।


এই বিভাগের আরো খবর