প্রথমার্ধে স্পষ্ট ছন্দহীনতা এবং একাধিক সুযোগ নষ্টে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চাপ বাড়ছিল আর্সেনালের। তবে বিরতি থেকে ফিরে সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিল গানাররা। দ্বিতীয়ার্ধে মাত্র ৭ মিনিটের বিধ্বংসী এক ঝড়ে ফরাসি ক্লাব লিলকে গুঁড়িয়ে ৩-০ ব্যবধানের দারুণ জয় নিশ্চিত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা।এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে শীর্ষস্থানের দৌড় শক্ত করল লন্ডনের ক্লাবটি।
গত ম্যাচের স্কোয়াড থেকে একাদশে মোট ৫টি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা। তবে প্রথমার্ধে লিলের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ হন ননি মাদুয়েকে, এবেরেচি এজে ও ভিক্টর ইয়োকেরেসরা। বিরতির পরও শিষ্যদের ওপর আস্থা রেখে একাদশে কোনো পরিবর্তন না এনেই মাঠে নামান আর্তেতা, আর কোচের সেই আস্থার শতভাগ প্রতিদান দেন ফুটবলারেরা।
ম্যাচের ৬৪ মিনিটে অবশেষে খোলে লিলের রক্ষণ দুয়ার। মাদুয়েকের বাড়িয়ে দেওয়া নিখুঁত পাস ধরে প্রতিপক্ষ গোলরক্ষক বারকে ওজেরের মাথার ওপর দিয়ে দৃষ্টিনন্দন চিপে বল জালে জড়ান ডাচ ডিফেন্ডার ইয়ুরিয়েন টিম্বার।প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই তিন মিনিট পর (৬৭ মিনিটে) আবার উল্লাসে মাতে এমিরেটস। বদলি হিসেবে মাঠে নামা ইংলিশ তারকা বুকায়ো সাকার চতুর ক্রস থেকে প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করে ব্যবধান ২-১ করেন ফরোয়ার্ড এবেরেচি এজে।