নামের পাশে মাত্র একটি হার থাকলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজেদের অলরেডসুলভ ছন্দে পাচ্ছিল না লিভারপুল। তবে নিজেদের দিনে প্রতিপক্ষের জন্য তারা কতটা বিধ্বংসী হতে পারে, তা হাড়েনাতায় টের পেল অস্ট্রিয়ান ক্লাব লাস্ক। প্রতিপক্ষের মাঠে ৬-৩ গোলের বিশাল জয়ে দাপুটে পারফর্ম করে জয়ে ফিরেছে আর্নে স্লটের দল।অস্ট্রিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণের ঝড় তোলে অলরেডরা। ম্যাচের ২২ মিনিটে ডেডলক ভাঙেন বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে আসা উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। কন্সটান্টিনস সিমিকাসের নিখুঁত কর্নার থেকে হেডে অলরেডদের জার্সিতে ক্যারিয়ারের প্রথম গোলটি আদায় করে নেন তিনি।
এরপর শুরু হয় ব্র্যাডলি বারকোলার একক রাজত্ব। ম্যাচের ২৪ মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসজি থেকে বড় অঙ্কের বিনিময়ে অ্যানফিল্ডে আসা এই ফরাসি ফরোয়ার্ড। প্রথম ছয় ম্যাচে গোল বা অ্যাসিস্ট না পাওয়া বারকোলা প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ফ্লোরিয়ান ভির্টৎসের বাড়ানো বল ধরে ব্যবধান ৩-০ করেন।
বিরতির পর ৫১ মিনিটে সিমিকাসের বাড়ানো ক্রসে হেডের সাহায্যে ব্যবধান ৪-০ করেন জেরেমি ফ্রিমপং। ৬৩ মিনিটে লাস্কের হয়ে রবার্ট লুবিচিচ এক গোল শোধ করলেও তার তিন মিনিট পরই (৬৬ মিনিটে) ফ্রিমপংয়ের পাসে দারুণ ফিনিশিংয়ে লিভারপুলের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন বারকোলা।
ম্যাচের ৬৯ মিনিটে ফ্রিমপংয়ের আরও একটি বানিয়ে দেওয়া বল থেকে তরুন ফরোয়ার্ড লুইস কুমাস গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৬-১। ম্যাচের শেষ ভাগে (৭৪ ও ৭৭ মিনিটে) লাস্কের ফ্লোরিয়ান ফ্লেকার জোড়া গোল করে ব্যবধান ৬-৩ করলেও লিভারপুলের বড় জয় ঠেকানো সম্ভব হয়নি।