সিলেট থেকে উড়াল দিল প্রথম হজ ফ্লাইট
৪১৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি। এবার সিলেট থেকে মোট ৫টি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে, প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হাজী মদিনায় যাবেন।বুধবার বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।এদিকে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ আব্দুল হক ৷অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমেদ। হজ যাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস বক্ত চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।
এছাড়া এই অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধীজন, বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ও বিমাবন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।আল্লাহর ঘরের মেহমানদের সৌদী গমনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাজীদের যাত্রা সহজ করতে বিস্তারিত পদক্ষেপ নেয়া হয়েছে।বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, ১৪ মে’র সিলেট টু মদীনার উদ্বোধনী ফ্লাইটের পর বাকী চারটি হজ ফ্লাইটের শিডিউল হচ্ছে- ২৩ মে বিকেল ৫টা ২৫ মিনিটে, ২৫ মে বেলা ১টা ১৫ মিনিটে, ২৬ মে বিকেল ৪টা ৪৫ মিনিটে ও ২৯ মে বিকেল ৪টা ৪৫ মিনিট। এসব ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন্য এবার হজে যাবেন। হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজের আগে ১১৮টি এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে। হাজীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট আসবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট আসবে ১০ জুলাই।হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট জোনের চেয়ারম্যান মো. আব্দুল হক জানান, সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবারো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়ায় তারা ধর্মমন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
হজ এজেন্সির মালিকরা জানিয়েছেন, আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯শে মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট ছাড়বে। ওই ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে চলবে। প্রতি বছরের ন্যায় এবারো ঢাকাতেই যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে যারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবদর থেকে সরাসরি হজে যাবেন তদের আগমন ইমিগ্রেশন হবে সৌদি আরবে। এ বছর হজ কোটা ব্যবস্থাপনায় প্রতিটি এজেন্সিতে এক হাজার যাত্রী বেঁধে দেয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে মো. আব্দুল হক জানিয়েছেন- এজেন্সিগুলো তাদের নিজেদের মধ্যে সমন্বয় করে নেয়ায় এতে তেমন বেগ পেতে হয়নি। আগামীতে এর সংখ্যা বাড়লেও সমস্যার সৃষ্টি হবে না। এবারের মতোই সমন্বয় করে নেয়া হবে। চলতি বছর সরকারিভাবে সিলেট থেকে নিবন্ধন করেছেন ৩৩ জন হজযাত্রী। ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি হজ এজেন্সির মধ্যে এবার ২১টি এজেন্সি হজ নিবন্ধন কার্যক্রমে অংশ নেয় বলেও জানান তিনি।