কলকাতা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হাইজ্যাক অ্যালার্ট ঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে। জানা গেছে, বিমানটি উড্ডয়নের ঠিক আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) হাইজ্যাক সংক্রান্ত একটি বার্তা পাঠান। এরপরই দ্রুত বিমানটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকালে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিমানটির। তবে উড্ডয়নের আগে পাইলটের কাছ থেকে হাইজ্যাক অ্যালার্ট পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা এবং শুরু হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানের কোনও যাত্রীকে ঘিরে সমস্যার জেরে পাইলট এই সতর্কবার্তা পাঠিয়ে থাকতে পারেন। তবে ঠিক কী কারণে হাইজ্যাক অ্যালার্ট জারি করা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে। তবে বিমানটিতে সত্যিই কোনও হাইজ্যাকের চেষ্টা হয়েছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত ও নিরাপত্তা যাচাইয়ের অপেক্ষায় রয়েছেন কর্তৃপক্ষ।