মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৪২ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশিনেফতেওর্গসিনতেজে (কিনেফ) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শোধনাগারটির তিনটি প্রধান তেল প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (৯ নভেম্বর) রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত কিনেফ শোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। অঞ্চলটির গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে চালানো ১১৩টি ড্রোন হামলা ভূপাতিত করেছে। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোজস্ক শহরের একটি বহুতল ভবনের ছাদে আঘাত হানে। এতে এক বাসিন্দা নিহত হয়েছেন।

কিনেফ রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এবং ওমস্ক শোধনাগারের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার। সুরগুতনেফতেগাজ গোষ্ঠীর মালিকানাধীন এই স্থাপনায় বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়, যা রাশিয়ার মোট পরিশোধন সক্ষমতার প্রায় ৭ শতাংশ।

শোধনাগারটিতে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি, ফার্নেস অয়েল, বিটুমিন ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদিত হয়। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরেও এখান থেকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হয়। স্থাপনাটির নকশাগত বার্ষিক পরিশোধন সক্ষমতা ২ কোটি থেকে ২ কোটি ১০ লাখ টন।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চল ও রুশ দখলকৃত ক্রিমিয়ায় ৪৩০টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। তবে ইউরোনিউজ এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলাও অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে রুশ বাহিনী ৩১৭টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ১০৫টি ছিল জেট ইঞ্জিনচালিত। এ ছাড়া ছিল বান্দেরোল, দান-টি, গেরবেরা ও লক্ষ্যভ্রষ্ট করার জন্য ব্যবহৃত ড্রোন। এসব ড্রোনের মধ্যে ২৭৬টি ভূপাতিত করা হয়েছে। ৩১টি স্থানে ড্রোন আঘাত হেনেছে এবং আরও নয়টি স্থানে ধ্বংসাবশেষ পড়েছে।

সোমবার সকালে ওদেসা শহরের একটি খাদ্যপণ্যের গুদামে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতভর খারকিভ অঞ্চলে হামলায় শিশুসহ নয়জন আহত হয়েছেন।

জাপোরিঝঝিয়া শহর ও আশপাশের এলাকায় হামলায় এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ সাতজন আহত হয়েছেন। ওই হামলায় প্রতিবন্ধী শিশুদের একটি পুনর্বাসনকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া সুমি অঞ্চলে একটি গাড়িতে রুশ হামলায় বিদ্যুৎ বিভাগের তিন কর্মী আহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর