সিলেট-তামাবিল মহাসড়কে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।”
পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি পর্যটক নিয়ে সিলেটের জাফলং এলাকায় যাচ্ছিল। বাসে থাকা যাত্রীরা সবাই ঢাকা থেকে সিলেট ভ্রমণে এসেছিলেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।