রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

উপশহর থেকে গ্রামীণ ফোনের ব্যাটারি চুরি, আটক ১

প্রতিবেদক / ১৩৭ মোট শেয়ার
হালনাগাদ : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
উপশহর থেকে গ্রামীণ ফোনের ব্যাটারি চুরি, আটক ১

সিলেটের শাহপরাণ থানার গ্রামীণ ফোন টাওয়ারের প্রায় ৬১ লাখ টাকা মূল্যের ব্যাটারি চুরি মামলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর এলাকা থেকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত প্রায় সাড়ে বারোটার দিকে শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই খন্দকার জাফর ইমাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামেন। এ সময় দক্ষিণ সুরমা থানা এলাকার হুমায়ূন রশিদ চত্বর সংলগ্ন স্থান থেকে আটক করা হয় আমিন উদ্দিন সুজনকে। আটককৃত আমিন উদ্দিন সুজন (৩১) সুনামগঞ্জ জেলার ছাতক থানার সেনপুর এলাকার সফিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ২৫ আগস্ট শাহজালাল উপশহরের ব্লক বি এলাকার একটি ভবনের পাঁচতলার ছাদে স্থাপিত গ্রামীণ ফোন টাওয়ারের স্টোর রুমের তালা কেটে দুইটি ব্যাচে মোট বিয়াল্লিশটি ভিশন ব্যাটারি চুরি করা হয়। চুরি যাওয়া এসব ব্যাটারির আনুমানিক মূল্য প্রায় ষাট লক্ষ নব্বই হাজার টাকা।

আটককৃত সুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে। সিডিএমএস যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তিনি অন্য একটি থানার ওয়ারেন্টভুক্ত ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার অন্যান্য দিক খতিয়ে দেখা হচ্ছে।


এই বিভাগের আরো খবর