মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ পাবেল আহমদ / ২০৮ মোট শেয়ার
হালনাগাদ : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও চিরায়ত রূপের বহিঃপ্রকাশ ঘটাতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক কো-ওর্ডিনেটর জনাব প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক।

সভাপতি জনাব মো. ফয়জুল হক তার বক্তব্যে বলেন—
“নববর্ষের এই উৎসব আমাদের জীবনে নতুন উদ্যম, নতুন প্রত্যাশা ও নতুন স্বপ্ন নিয়ে আসে। শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, বরং একটি পূর্ণাঙ্গ মানুষ গড়ার কারিগর। আজকের এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীল চিন্তাধারার বিকাশ ঘটাবে। আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং একজন সৎ, সচেতন ও সংস্কৃতিমনা নাগরিক তৈরি করা।”

প্রধান অতিথি জনাব প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী তার বক্তব্যে বলেন—
“পহেলা বৈশাখ কেবল একটি নতুন বছরের সূচনা নয়, এটি আমাদের আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনদর্শনের গভীরতম প্রতিফলন এই দিনটিতে প্রকাশ পায়। বর্তমান প্রজন্ম যদি নিজেদের শেকড়কে ভুলে যায়, তবে তারা কখনোই সত্যিকার অর্থে সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারবে না। তাই আমাদের উচিত শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। এই ধরনের আয়োজন তাদের মেধা, মনন ও সৃজনশীলতাকে বিকশিত করে এবং একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানের সূচনা হয় সম্মিলিত কণ্ঠে প্রাণ জাগানো কোরাস গান “এসো হে বৈশাখ এসো এসো” পরিবেশনার মাধ্যমে। এরপর ধারাবাহিকভাবে পরিবেশিত হয় “এক তারা ঐ” এবং “ঝড় এলো এরো ঝড়” শিরোনামের কোরাস গান, যা উপস্থিত দর্শকদের মনে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেয়।
প্রাথমিক শাখার শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মাধ্যমিক শাখার ছাত্রী সৌমি একক নৃত্য পরিবেশন করে সকলের প্রশংসা অর্জন করে।
কবিতা আবৃত্তি পর্বে ৩য় শ্রেণির শিক্ষার্থী অক্ষরা আচার্জী তার সাবলীল ও আবেগঘন পরিবেশনার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এছাড়া বাংলা বিভাগের প্রভাষক জনাব সাগর আহমেদ তার কণ্ঠে কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ জনাব নাহিদা খান।

অনুষ্ঠানের সমন্বয়ক ও পুরস্কার বিতরণের সমন্বয়ক হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করেছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মীর হোছাইন সরকার ও ফিজিক্স বিভাগের বিভাগীয় প্রধান জনাব হাসান শাহরিয়ার মজুমদার ও কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মাহবুবুর রহমান ও জনাব তমালিকা তালুকদার।
সমগ্র আয়োজনটি ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন। এভাবেই বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয় স্কলার্সহোম মেজরটিলা কলেজ পরিবার। সব শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে ফটোসেশান হয়।


এই বিভাগের আরো খবর