ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। হতাহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও চিকিৎসাকর্মী রয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতালটির দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে। আলজাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি গাজা থেকে জানান, হামলার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্স দল। তাদের তথ্য অনুযায়ী, হাসপাতালের ভেতরেই ছয়জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।
নাসের মেডিকেল কমপ্লেক্স গাজার অন্যতম বৃহৎ হাসপাতাল। খান ইউনিসে এখনো চালু থাকা একমাত্র হাসপাতাল এটি। দক্ষিণ গাজার প্রায় পাঁচ লাখ মানুষ চিকিৎসাসেবার জন্য হাসপাতালটির ওপর নির্ভরশীল।হামলায় নিহত ও আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে এমন রোগীও ছিলেন, যাঁদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। কয়েক দিন ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা এসব রোগী হাসপাতালেই ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়। এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এমনকি হাসপাতাল খালি করার নির্দেশনাও ছিল না।প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে নাসের মেডিকেল কমপ্লেক্সে এ নিয়ে সাতবার হামলার ঘটনা ঘটল। এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট হাসপাতালটিতে দুই দফা বোমা হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন।