বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

ডেস্ক / ৯ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম

দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বশির আহমেদ সম্মাননা ২০২৬’ আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। আগামী ১৮ নভেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদের সন্তান হোমায়রা বশির ও রাজা বশির। ২০১৯ সালে প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাঁর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এবং ‘সারগাম সাউন্ড সিস্টেম’-এর আয়োজনে এই সম্মাননা চালু হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর এটি প্রদান করা হয়।

তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অন্যান্য কারণে পরবর্তী তিন বছর আয়োজনটি বন্ধ ছিল। দীর্ঘ বিরতি শেষে এ বছর আবারও ফিরছে এই সম্মাননা।সম্মাননা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী শবনম নিজেও।প্রতিক্রিয়ায় শবনম জানান, বশির আহমেদের সন্তানরা বেশ কিছুদিন আগে তাঁর সঙ্গে যোগাযোগ করে এই সম্মাননার বিষয়ে জানিয়েছিলেন। শারীরিক অবস্থা ভালো না থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রবল ইচ্ছা রয়েছে তাঁর।

অন্যদিকে হোমায়রা বশির ও রাজা বশির বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শবনমের অবদান অবিচ্ছেদ্য। তাঁকে আজীবন সম্মাননা দিতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত।


এই বিভাগের আরো খবর