শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুর দাবি, অন্যতায় রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট / ৩৩৭ মোট শেয়ার
হালনাগাদ : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুর দাবি, অন্যতায় রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি

সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিরবচ্ছিন্নভাবে চালু রাখার দাবি জানিয়েছে ইউকে এনআরবি সোসাইটির নেতারা। শনিবার (২৫ জানুয়ারি) রাতে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

 

সম্মেলনে সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট নিয়ে যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে কোনো টালবাহানা বা নাটকীয়তা সহ্য করা হবে না বলে জানান ইউকে এনআরবি সোসাইটির নেতারা। দাবি না মানা হলে নর্থ ইংল্যান্ডে অবস্থানরত সিলেটিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে রেমিটেন্স বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদ বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২০ সালে দ্বিতীয় দফা চালু হয় সিলেট-ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। ফ্লাইটটি অত্যন্ত জরুরি বিধায় এ রুটে নর্থ ইংল্যান্ডের ম্যানচেস্টার, লুটন, বার্মিংহাম, ওয়েলস, স্কটল্যান্ডসহ বিভিন্ন এলাকার প্রায় ৩ লাখ সিলেটি যাতায়াত করেন। ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে ১০ ঘণ্টায় আমরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছতে পারি যার কারনে সবচেয়ে বেশি সুফল ভোগ করেন বয়োবৃদ্ধ ও শিশু যাত্রীরা। কিন্তু প্রায় দুই মাস আগে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ হঠাৎ করে ফ্লাইটের অনলাইন টিকিটিং সিস্টেম বাতিল করে দেয়।

 

পরে যোগাযোগ করে জানা যায় সিলেট-ম্যানচেস্টার রুটকে অলাভজনক দেখিয়ে টিকিটিং বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ। বিষয়টি নিয়ে নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

 

তিনি জানান, সিলেট-ম্যানচেস্টার বিমানের রুট কখনোই অলাভজনক নয়। কিছুসংখ্যক মধ্যসত্বভোগীর কারণে যাত্রীরা বেশি টাকা দিয়ে পর্যন্ত টিকিট কিনেন। বিমান সেই টাকা কেন পায় না সেটি তাদেরই খুঁজে বের করে প্রতিকার করতে হবে।

 

বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলনে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট চালু রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ কামনা করেন ইউকে এনআরবি সোসাইটির নেতারা।

 

উল্লেখ্য, এনআরবিদের দাবির সঙ্গে একাত্ম হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা আরিফুল হক চৌধুরী গত বুধবার বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় বিমানের চেয়ারম্যান ফ্লাইট চালু রাখার আশ্বাস দেন। কিন্তু ৩-৪ দিন পার হলেও এখন পর্যন্ত অনলাইন টিকিটিং সিস্টেম চালু করেনি বিমান কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর