মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সিলেটে বালুর ট্রাকে মিললো ৩১৯ বস্তা চিনি, দুই যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ২০২ মোট শেয়ার
হালনাগাদ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেটে বালুর ট্রাকে মিললো ৩১৯ বস্তা চিনি, দুই যুবক গ্রেফতার

শুল্ক ফাঁকি দিয়ে আনা ট্রাক ভর্তি ৩১৯ বস্তা ভারতীয় চিনিসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা অভিনব কায়দায় বালুর নীচে করে চিনির চালানটি সিলেট শহরে নিয়ে যাচ্ছিল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের শাহপরান থানা পুলিশ সিলেট-তামাবিল সড়কে দাসপাড়া এলাকায় চৌকি বসিয়ে তল্লাসী চালিয়ে বালুর আস্তরণের নীচে ট্রাক ভর্তি চিনির চালানটি জব্দ করে।

আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুরের চমনাই গ্রামের মানিক আলীর ছেলে হাবিবুর রহমান (২৭), একই উপজেলার জয়রামপুর গ্রামের হাবলু মিয়ার ছেলে জয় হোসেন (২২)। জিজ্ঞাসাবাদে জানা যায়, চিনি পাচারের সঙ্গে আরও একজন অজ্ঞাত ব্যক্তি জড়িত রয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে বালুর আস্তরণের নীচে ট্রাকে করে চিনির চালানটি নিয়ে ট্রাকটি শহরের দিকে যাচ্ছিল। জব্দ তালিকা অনুযায়ী ৩১৯ বস্তায় ১৫ হাজার ৬৩১ কেজি ভারতীয় চিনি বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৭৫ হাজার ৭২০টাকা।

তিনি বলেন, এসএমপির শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সোহেল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওই সড়কের দাসপাড়া মুসলিম হাইস্কুলের পাশে চৌকি বসিয়ে তল্লাসীকালে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৫-৭৩৩৮) ভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা-১৭ (০২)’২৫) দায়ের করা হয়েছে। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।


এই বিভাগের আরো খবর