কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিডিএম পরিবহনের একটি বাস উল্টে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের এক পাশে যান চলাচল ব্যাহত হয়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
রবিবার (২৩ আগস্ট) গৌরীপুর পূর্ব পেন্নাই ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী সিডিএম পরিবহনের বাসটি ইউটার্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।বাসটি উল্টে যাওয়ার পর মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে মালিখিল থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।