সিলেট মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে এয়ারপোর্ট থানা থেকে ১৯ জন, জালালাবাদ থানা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ১০ জন, কোতোয়ালি মডেল থানা থেকে ৮ জন, শাহপরাণ (রহ.) থানা থেকে ৮ জন এবং মোগলাবাজার থানা থেকে ৩ জন রয়েছেন।আটকদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার দুপুরে এসএমপির সঙ্গে এক মতবিনিময় সভায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির মহানগরে মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানান। এসব বিষয়ে তিনি পুলিশকে সতর্ক থাকার পাশাপাশি কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।ওই সভা শেষ হওয়ার পরই মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ চিরুনি অভিযানে নামে পুলিশ। কয়েক ঘণ্টার অভিযানে ৬০ জনকে আটকের পাশাপাশি ইয়াবা উদ্ধার করা হয়।